একটা ঝড়ের পর ঝুপঝুপে অন্ধকার নেমে আসলে মনটারও যেন কোথাও একটা চুপচাপ থাকতে ইচ্ছে করে।
-----কলমেঃ- সুদীপ্ত সেন(ডট.পেন)
এই সময় অর্থাৎ বৈশাখের প্রথম ঝড় এক পশলা বৃষ্টি নিয়ে এলে আমের ক্ষতি হয় বটে কিন্তু আম কিছুটা শক্তপোক্ত হয় গাছের সাথে। সেই বিষয়ে যাবো না তবে বিকেল লাগোয়া কালো মেঘে একপশলা বৃষ্টি আর অক্ষতিকর অথচ ঝড়ো হালকা গতির কালবৈশাখী নেমে এলে ঝুপঝুপে অন্ধকার থাকে এবং লোডশেডিং-এ মোড়া একটা রাত পাওয়া যায় যেখানে মন অনেকটা চুপচাপ থাকতে চাই।
আর এই অন্ধকারকে ঘিরে কিছু রূপকথা ভিড় করতে থাকে। মনে হয় এমন একটা গ্রামের মধ্যে বসে আছি যেখানে আমি একা একজন মানুষ জেগে বাকি যত ঘর তারা লন্ঠনের আলো জ্বালিয়ে স্নিগ্ধ একটা চুপচাপের মধ্যে ঘুমিয়ে আছে। জোনাকিরা কয়েকটা স্টেপে আরও কিছুটা উড়ে যাচ্ছে ভিজে আম গাছটার পাতার আড়ালে।
ইচ্ছে করে না সেখান থেকে উঠে যাওয়ার, ইচ্ছে করে না ঝুপঝুপে অন্ধকারের মৌনতাকে ভাঙতে। কতকিছুই তো ভেঙে যায়..., পুরনো বন্ধুত্বা, অল্প বয়সের প্রেম, নতুন পাওয়া একঘেয়েমি চাকরির রেশ কিংবা সেই সব স্বপ্ন গুলো যেগুলো হাতে পেলে আমি আর ঝুপঝুপে অন্ধকারের কথা ভাবতাম না।
হয়তো আজ আমি এই কালবৈশাখীর পর একটা চকচকে রেস্তোরাঁয় বসে হালকা ম্যাজিক মুমেন্টের সাথে চিকেন কষা খাচ্ছি। কিন্তু না কিছু ঝুপঝুপে অন্ধকার থেকে যাওয়া ভালো।
হ্যাঁ সবার জীবনেই না পাওয়া ঝুপঝুপে অন্ধকার আছে যেগুলো না থাকলে আপনার জীবনে আক্ষেপের যেমন কোনো চিহ্ন থাকতো না তেমনই থাকতো না একটা কালবৈশাখীর জন্য দীর্ঘ লোডশেডিং- এর পরে কারেন্ট আসার আনন্দ।

Comments
Post a Comment