উত্তরটা জানা নেই
আজ পাঁচটা বছর আমাদের দেখা নেই। তোমার লাগিয়ে যাওয়া আমের চারা গাছটা আজ গাছ হয়ে উঠেছে, বাগানে পু্ঁতেছি।
ছাদের টবে হলুদ গোলাপের যে চারগাছটা তুমি লাগিয়েছিলে তাতে এখন ফুল ফোটে।
যখন কুঁড়ি আসে তখন একখানা গোলাপ কু্ঁড়ি তোমার সামনে রেখে দিই জল ভরা ফুলদানিতে।
ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা কুঁড়িটা ফুল হয়ে যায়।
স্রেফ বুঝতে পারি, আমি যখন ঘুমোই তখন তুমি এসে তোমার আগের স্বভাবদোষ বজায় রেখেই আধফোটা গোলাপ কুঁড়িটার একটা একটা করে পাপড়ি নিজে হাতে খুলে খুলে ফুল ফুটিয়ে গেছো।
তুমি যে অল্প বয়সে পাকা ছিলে এবং সেইজন্যই তাড়াতাড়ি তুমি কুঁড়িটাকে ফুল করে দিতে চাইতে নিজের হাতে করে তা ভালোই বুঝতে পারতাম। নইলে কেনোই বা তুমি তোমার ফার্স্ট ইয়ারের প্রথমদিন আমার একবার ক্লাস করেই ছুটির সময় ছুটে...এসে বলেছিলে-- 'স্যার আমার আপনাকে হেব্বি লেগেছে'।
সেদিন হালকা হেসেই এনফিল্ডে ক্লিক করে বেরিয়ে গিয়েছিলাম।
কিন্তু অধিক পাকা হয়েও সেদিনের ওই ফার্স্ট ইয়ারের ছিপছিপে মেয়েটা বুঝতে পারেনি স্যারের হাসিটা অথচ স্যার তখন "ফ্যারাডের" সূত্র ভালোই বুঝেছিল, যে একদিন ক্লাস করেই প্রথম দেখা স্যারের ওপর স্যার আপনাকে আমার দারুণ লেগেছে বলে পরিবাহী তার জড়িয়ে, ছুটির সময় ছুটে এসে ভোল্টেজ অ্যাপ্লাই করে যায় আর তাতে যে চুম্বকক্ষেত্র সৃষ্টি হয়ে কারেন্ট উৎপন্ন হওয়ারই ছিল, সূত্র বলছে।
লক্ষ করেছিলাম ঠোঁটের মাখা ডিপ খয়েরী রঙের লিপস্টিকটা, বেশ attractive ছিল।
শুধু বরাবর basic electrical টা তোমার না বোঝায় থেকে গেলো।
তাই দেখো, বিয়ের পর প্রথম যে বছর আমরা কাঞ্চনজঙ্ঘা গেলাম আর তার সামনে দু-হাত তুলে দিয়ে তুমি জোড়ে চিৎকার করলে সঙ্গে একটা 66 kv-এর হাসি নিয়ে আর উল্টো দিকের ক্যামেরা ম্যানের ভূমিকায় আমি একটা ক্লিক করলাম ব্যস, সেই ছবিটাই একমাত্র এই গোটা ঘরটায় তোমার অস্তিত্ব বহন করছে এখন।
তোমার বরাবরই গাছে নেশা, ফেরার আগের দিন পাহাড়ি গাছওয়ালার থেকে তুমি একটা পাহাড়ি গাছ কেনার কথা বলেছিলে। আমি কিনিনি কারণ যে বীজটা তখন তোমার ভেতর বাড়ছিলো আমি শুধু তাকেই নিয়ে এসেছিলাম তুমি বোঝোনি অথচ এই পাঁচ বছরে ও অনেকটা বড়ো হয়ে গেছে যতটা বড়ো হতো তোমার পাহাড়ি গাছওয়ালার থেকে কেনা পাহাড়ি গাছটা!
ও খুব চঞ্চল, তোমার কথা ও জানে না। শুধু জানে ওর বাবা এবং মা দুটোই আমি। ছবিটার দিকে মাঝেমাঝে তাকায়, তাও আবার অল্পসল্প।
বড়ো হয়ে প্রশ্ন করলে, সে উত্তর আমার আজও জানা নেই!
পাহাড় থেকে ফিরে এসে তুমি যে এমনটা করবে আমি ভাবতে পারিনি।
তোমার গাছ খুব প্রিয় ছিল তাই কি তুমি কি সদ্য জন্ম দেওয়া ফুটেফুটে জ্যান্ত কুঁড়িটাকে ফেলে সেই পাহাড়ি গাছটাকে কিনতে গেলে? নাকি সেই ছোকড়া পাহাড়ি গাছওয়ালাটা যে তোমাকে নানারকমের পাহাড়ি গাছ দেখালো তার কাছেই গেলে, মৃত্তিকা...?
@সুদীপ্ত সেন (ডট.পেন)
Comments
Post a Comment