আমাদের এইবারের দেখা করাতে তুমি কোনো গিফট এনো না, আমিও আনব না।
তবে মুঠোতে এনো একটা আকাশ ভরতি রোদের মতো ভালোবাসা আর একটা স্রেফ বন্ধুত্ব। আমি সেটুকুও আনব না জানি, তুমি তো জানোই তুমি যতটা আমায় ভালোবাসো ঠিক সেরকম তোমার মতো করে আমি তোমাকে ভালোবাসতে পারব না বা পারি না, আমার প্রচুর বান্ধবী আছে কি না ওদের কেউ তো ভালোবাসতে হয়।
এলোপাথাড়ি ছুটে চলে সেই সব বান্ধবীরা, কারোর গায়ের রঙ গোলাপী, বেগুনি, কারোর নীল, স্কাই ব্লু, লাল এমনকি হলদেও আছে কিন্তু তাদের রামধনু না বলে আমি 'মাছরাঙা রঙের বান্ধবী' বলে নাম দিয়েছি তার কারণ তারা সজীব এবং কথা বলতে পারে, রামধনুরা তো বোবা শুধু ফুটে ওঠে, ব্যস।

Comments
Post a Comment