জোনাকি'র চাহিদা
-------------------সুদীপ্ত সেন
১.)
জোনাকি গায়ে জ্বলছে আলো
মিটমিটিয়ে......
সে আলো তবু শুধুই জ্বলা।
২.)
রাস্তা নিভে সূর্য পাটে
বসল গায়ে অন্ধকারের
অনেক তারা।
জোনাকি ভাবে----
আমার রঙের
এরা কারা?
৩.)
তারার গায়েও জ্বলছে আলো
নিভতে চেয়ে জোনাকি স্বাধীন।
৪.)
গাছের গায়ে একটা কোটর
সেই কোটরে প্যাঁচার বাস
কাছে এলেই প্যাঁচানি ভাবে
জোনাকি ছিল তার ক্রাশ।
৫.)
একটা প্রেমের গল্প অনেক
চায়ের কাপে জমছে তা
প্রেমিক তাকে গাল টিপে কয়
তুমি আমার জোনাকিটা।
৬.)
জোনাকিরও তো ইচ্ছে হয়
গঙ্গাফড়িংটাকে জানায়
তারও খুবই ইচ্ছে করে
গোত্র ভেঙে প্রেম বানায়।
৭.)
আঁধার যতই রাখব ভাবে
ঠোঁট ছুঁতে চায় জোনাকিটা
তবুও তাদের জ্বলার চলন
ব্যাঘাত ঘটায় আঁধারটা।
৮.)
জোনাকি কেন জ্বলছে শুধু
নিভছে কেন পরস্পর?
এটাই তাদের প্রশ্ন ছিল
পায়নি তবু সদুত্তর।
৯.)
ফুটলে আলো নিভছে পোকা
জ্বলছে তবু তাদের গা।
জোনাকিটাও পোয়াতি হয়
কারণ সেও কারোর মা।
১০.)
চাহিদা শুধু জোনাকি পোকার
পরের বারে মানুষ হই
আলো শুধুই জ্বলছে আমার
তবুও আমি আলোর নই,
কারোর নই।

Comments
Post a Comment