আমার জন্য একটা জানলা থাক শুধু
আর তোমার জন্য থাক গোটা ঘরটা
এই গোটা ঘর তোমার, আর ছাদটাও নাও।
এই যে এখানে এতোটা জায়গা জুড়ে তোমাকে
দিয়ে যাবো রোদ
আর ওইখানে এতোটা পরিসরে তুমি চুল শুকবে।
ওই বাড়ির টিনেজারের ছেলেটা তোমাকে দেখে, সে....দেখুক, ওটা বয়সের দোষ
তাতে আমার কোনো অসুবিধে নেই আর তোমারও থাকার কথা নয়।
আমার ওই জানলায় পর্দা টেনে সরিয়ে দেওয়া থেকে আবার পর্দা টেনে দেওয়া পর্যন্ত তোমার রোজনামচার কাজ
একদিন ছুটি পেলে তোমাকে ঘুড়ি উড়িয়ে দেখাবো,ইচ্ছে আছে।
রাতে ওই গীটারটা নিয়ে আমি আমাদের ছাদের ছোট্টো লেবু গাছ টার নীচে বসব আর আমাদের মাথার উপর দিয়ে পেরিয়ে যাবে প্লেন ( এখন অনেক রাত......)
তবে কোনোদিন প্রিন্সেপ ঘাটে যাবো না, ওখানে বড়ো অস্বস্তি হয় আমার
তার চেয়ে পাড়াতে বেরিয়ে হেঁটে যাবো তোমার সাথে একটা বিচ্ছিরি অট্টহাসি হেসে
বোস বাড়ির জ্যেঠু বলবে, বাব্বা আর নিতে পারি না, জ্যেঠিমা মুচকি হাসবে
ক্লাবের ছেলে গুলো তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে
আর সামনে থেকে কত কত পায়রা ধড়-ফড় করে উড়ে গেল।
🚲সুদীপ্ত সেন
[ছবিটার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সোমা ধর ঘোষ দিদি কে]

Comments
Post a Comment