১.)
তুমিও কষ্ট পাবে
যেভাবে কাড়লে প্রেম হাতড়ে দিয়ে ফেরা
সেভাবেই রাত জাগা আকাশ তারার মতো
কখনও ভাববে বসে ফুটপাতে এসে ভিড়ে
তোমার জন্য রাখা সাজানো প্রেমের ক্ষত।
আমিতো বাঁশির মতো পড়েছি তোমার ঠোঁটে
শুকনো রাস্তা নদী ঝাঁঝালো ওজন স্তূপে
কখনও ঝাঁকিয়ে দেখো, পাবে না খোঁজের চাবি
নোনতা ঘামের গায়ে ক্লান্ত লোমের কূপে।
বালিশ ভিজছে চোখে, যাতনা গভীর শোকে
কাঁদিয়ে কাঁদছে ফিরে গল্প নদীর তীরে
তুমি তো শান্ত তবু ভাববে যেদিন জানি
কান্না ঢাকছ তখন ঝাঁঝালো লঙ্কা-জিরে।
ঠগিয়ে দিয়েছ তুমি এক আকাশ ভালোবাসা
নুনের চামচ জানে কতটা নোনতা হবে
চিনির পরিমান ভুল হয়ে যায় যদি
দেখো বিস্বাদ ভালোবাসায় তুমিও কষ্ট পাবে।
🚲সুদীপ্ত সেন(ডট.পেন)
Comments
Post a Comment