ডট.পেন
বেশ কিছু এখনও ঘরহীন,শহর তাদের চেনেনা
জিদ করে প্যান্টের পকেটের কাছে,পায়/পায়না
কিছু নিরুপায় ঝুঁকিহীন ঝুঁকি পথ,এলোমেলো
ফিরে আসে উনুন জ্বালায়,ডালপালা গুলো
কিন্তু বেঁচে থাকে অভ্যেসে কাঁচা আদিম ইতিহাস
শীতে পাতিহাঁস শিকার মিলতে পারে কিংবা পরিহাস
ছেঁড়া কিছু পরিধান থাকবে, নাও থাকবে,পুরুষ শরীরে
তবু নারী ঢাকা তাদের, সেলাই কাপড়ে
ওরা বোঝে কী বোঝেনা জানি না? সভ্য-অসভ্যের সভ্যতা
শুধু বোঝে তাদের জীবনে আঁকা আছে শূন্যের
গভীরতা।

Comments
Post a Comment